Thursday, July 30

ইরাকে আইএস সম্পূর্ণ পরাজিত হয়েছে : প্রধানমন্ত্রী হায়দার

0

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী। টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী হায়দার রবিবারে দেশটিতে সরকারি ছুটির দিন ঘোষণা করে সে দিন একটি বিজয় মিছিলের ঘোষণা দিয়েছেন।

২০১৪ সালে যে রক্তাক্ত লড়াইয়ের শুরু অবশেষে তার অবসান ঘটেছে। দীর্ঘ চার বছর রক্ষক্ষয়ী সংঘর্ষের পর ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের কবল থেকে নিজেদের ভূমি পুর্নদখল করেছে ইরাকি সেনারা।

ইরাকের সব এলাকা নিজের নিয়ন্ত্রণে আসার পরই আইএসের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরাক।

ইরাকের এই যুদ্ধজয়ের ঘোষণার মাত্র দুই দিন আগে রাশিয়ার সৈন্যরা সিরিয়ায় আইএসকে সম্পূর্ণ পরাজিত করার কথা জানিয়ে বলেছে, সিরিয়ায় তাদের অভিযান সম্পন্ন হয়েছে।

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিরাট অঞ্চল দখল করে সেই অঞ্চলে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করার দাবি করে ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী আইএস। তবে গত দুই বছরে ধারাবাহিকভাবে অনেকগুলো পরাজয় বরণ করেছে আইএস।

বিবিসি’র আরব অ্যাফেয়ার্স এডিটর সেবাশ্চিয়ান আশার মনে করছেন, ইসলামিক স্টেটের সাথে সরাসরি লড়াইয়ের সমাপ্তি হলেও মতাদর্শের লড়াই সহজে শেষ হবে না।

আইএসের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত হলেও, নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য, এখনো ছোটখাটো মাত্রায় বিচ্ছিন্নভাবে আইএস যে বিভিন্ন সময়ে হামলা চালাতে পারে সেই আশঙ্কার কথাও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

এ প্রসঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী বাগদাদে বলেছেন, ‘এই বিজয়কে সুদৃঢ় করা প্রয়োজন।

আর এ জন্য মুক্ত করা অঞ্চলকে স্থিতিশীল রাখতে হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং চাকরির সুযোগ তৈরি করতে হবে। এইসবের মধ্য দিয়ে প্রকৃত ও সত্যিকারের জাতীয় সমন্বয় সাধন করতে হবে। ‘
ইসলামিক স্টেট যেনো নতুনভাবে আবারো মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন ইরাকের প্রধানমন্ত্রী।
সূত্র : বিবিসি বাংলা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.