ইরানের বিরোধী গ্রুপগুলোর সঙ্গে সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোকে সাক্ষাত না করতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ বিষয়ে বিদেশে তাদের মিশনগুলোতে তারবার্তা পাঠিয়েছেন তিনি। এতে ইরানের বিরোধী গ্রুপগুলোর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে ইরানের অনলাইন তেহরান টাইমস।
এতে আরো বলা হয়, মাইক পম্পেও মঙ্গলবার বলেছেন, সমর্থন দেয়ার জন্য নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করছে ইরানের নির্বাসিত বিরোধী গ্রুপগুলো। এসব গ্রুপের অনেকগুলো আগে অথবা বর্তমানে রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য সহিংসতা ব্যবহার করছে।
পম্পেওর মতে, এসব গ্রুপের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি যোগাযোগ যুক্তরাষ্ট্রের নীতির পাল্টা ফল বয়ে আনতে পারে। মাইক পম্পেও এই নির্দেশনা পাঠিয়েছেন এ সপ্তাহের শুরুর দিকে।
ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরে গত শুক্রবার ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র হত্যা করে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে। তার পর থেকে প্রতিশোধ নেয়ার নেশায় মত্ত ছিল ইরান। অবশেষে বুধবার দিনের সূচনালগ্নে ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে দাবি করা হয়, এতে নিহত হয়েছে কমপক্ষে ৮০ জন। তবে বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওই হামলায় কোনো প্রাণহানী হয়নি বলে দাবি করেন। বলেন, সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।