Monday, August 24

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৫ সদস্য পুলিশ বরখাস্ত

0

পকেটে ইয়াবা ঢুকিয়ে নিরপরাধ ব্যক্তিকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল ফাঁড়ির ৩ পুলিশ সদস্য। এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে জনরোধ থেকে পালিয়ে যায় অপর দুই পুলিশ সদস্য। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন বাঁশতৈল ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল রাসেল আহমদ ও কনস্টেবল গোপাল সাহা। পলাতক রয়েছেন কনস্টেবল তোজাম্মেল ও হালিম। এ ঘটনার পর সখিপুর থানায় ৫ পুলিশ সদস্য ও ২ সোর্সের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এএসআই রিয়াজের নেতৃত্বে ৫ সদস্যদের একটি পুলিশ টিম টাঙ্গাইলের সখিপুর থানাধীন হাতিয়া রাজাবাড়ি এলাকার ভাতকুড়া গাবিলার বাজারে গিয়ে ওই এলাকার ফরহাদ মিয়ার ছেলে বজলুুর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। এ পর্যায়ে সিএনজিতে উঠানোর চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে বুঝতে পারেন বজলুকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

পরে ওই পুলিশ সদস্যদের আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। ঘটনার সংবাদ পেয়ে মির্জাপুর থানার পুলিশ ও সখিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে জানান, ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য তারা এই অপকর্ম ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.