পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে প্রথম যেদিনের আগাম টিকিট বিক্রি করেছিল, সেই ট্রেন ছাড়া শুরু হয়েছে। কিন্তু যাত্রী ওঠা-নামা ও বিলম্বে আসার কারণে ট্রেনে ঈদযাত্রার প্রথমদিনেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। আজ শুক্রবার সকালে ঈদযাত্রার প্রথমদিনে ট্রেন দেরিতে আসায় অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন। ট্রেন তিনটি প্রায় একঘণ্টা করে দেরিতে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে কমলাপুর ছেড়ে যায়।
ভোর ৫টায় ঘরমুখো হাজারও মানুষ নিয়ে ঈদের প্রথম ট্রেন ‘বলাকা কমিউটার’ কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়।
আজ ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় পৌনে একঘণ্টা দেড়িতে কমলাপুর ছেড়ে গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও সোয়া ঘণ্টা দেড়িতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। এছাড়া চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও সোয়া ঘণ্টা দেড়িতে কমলাপুর ছেড়ে যায়।
কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, কোনো ট্রেন দেরিতে ছাড়ছে না। তবে সুন্দরবন, তিস্তা ও নীলসাগর এক্সপ্রেস দেরিতে স্টেশনে আসায় যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। আমরা সব সময় চেষ্টা করছি যাতে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় না হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। ভোর থেকেই যাত্রীর চাপ অনেক বেশি। তবে বেলা বাড়তেই সেই চাপ কমে আসে।
স্টেশন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর বাকি ৩৫টি ট্রেন লোকাল ও মেইল সার্ভিস। ইতোমধ্যে যথা সময়ে (৭টা পর্যন্ত) ছয়টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। বাকিগুলোও যথা সময়ে ছেড়ে যাবে।
অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে রয়েছে র্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। পাশাপাশি যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।
স্টেশনে রয়েছেন র্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। ইতিমধ্যে ৬টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এ সময় যাত্রীদের ট্রেনের ছাদে, বাফারে না ওঠার অনুরোধ জানান তিনি।