উত্তর কোরিয়াকে চাপে রাখতে ৪টি প্রতিষ্ঠান ও ১৪ জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জাতিসংঘের

0

 উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে  চাপ সৃষ্টি করতে  নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। দেশটির চারটি প্রতিষ্ঠান ও ১৪ জন কর্মকর্তার ওপর এ নিষেধাজ্ঞা আনতে নিরাপত্তা পরিষদের সবক’টি সদস্যরাষ্ট্র একমত হয়েছে।

পিয়ংইয়ংকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সমঝোতার এক সপ্তাহের মধ্যেই গতকাল শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৪ উত্তর কোরীয় কর্মকর্তার মধ্যে রয়েছেন দেশটির বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রধান চৌ লু। বাকিদের মধ্যে নর্থ কোরিয়া ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ সদস্য থেকে শুরু করে দেশটির সেনানিয়ন্ত্রিত ব্যবসাপ্রতিষ্ঠান প্রধানও রয়েছেন।

নর্থ কোরিয়া স্ট্র্যাটেজিক রকেট ফোর্স, দ্য কোরীয় ব্যাংক এবং দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে নিষিদ্ধ প্রতিষ্ঠানের তালিকায়। এর মধ্যে দ্য কোরীয় ব্যাংক দেশটির রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আর্থিক ব্যবস্থাপনায় পরিচালিত, যার মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনও। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৯টি সরকারি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.