ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়সূচি ঘোষণা করা হল। আগামী ৭ এপ্রিল এবারের আসরের পর্দা উঠে নামবে ২৭ মে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে ১১তম পর্ব। আট দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির শেষও হবে এখানেই।
৫১ দিন ধরে নয়টি মাঠে চলবে ধুম-ধাড়াক্কার এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। একে ঘিরে ক্রিকেটামোদীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। স্পট ফিক্সিংয়ের দায়ে দুই বছর নির্বাসিত থাকার পর ফিরেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাদের ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে। ফের চেন্নাইয়ের ডেরায় ভিড়েছেন মাহেন্দ্র সিং ধোনি।
এই টুর্নামেন্টের ১২টি ম্যাচ খেলা হবে বিকাল ৪টায়। ৪৮টি ম্যাচ হবে রাত ৮টায়। এবারও মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট মাতাবেন একঝাঁক তারকা ক্রিকেটার। জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নামছে এক নেপালি ক্রিকেটার। সন্দ্বীপ লামচানেও নামের এই প্রতিভাবান উদীয়মান লেগ স্পিনারকে লুফে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন দুই ক্রিকেটার-সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিব ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মোস্তাফিজ আইপিএল মাতাবেন।