
উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত কিছু ত্রুটি নিয়েই এগোতে হবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ব্যবস্থা পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটি ওভারকাম করতে হবে। ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তখন এ ধরনের ত্রুটি বিচ্যুতি আসবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশনে আমরা কাউন্সিলর পদ ওপেন করে দিয়েছিলাম। উপজেলায়ও প্রথম ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দিতে চেয়েছিলাম। পরে আমরা তা ওপেন করে দিয়েছি। তাই এখানেও প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ধ্বংসের পথে আরও একধাপ এগিয়ে গেল।
ওবায়দুর কাদের বলেন, বিএনপির জন্য কোন নির্বাচনই থেমে থাকবে না। বিএনপি যেভাবে একের পর এক নির্বাচন বয়কট শুরু করেছে তাতে আগামী জাতীয় নির্বাচনে তাদের অবস্থা আরও খারাপ হবে। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া মোটেও গণতান্ত্রিক পথ নয়।
তিনি আরও বলেন, বিএনপি না চাইলেও গত তিনটি ধাপে তাদের অনেকে অংশ নিয়েছে। তাদের কথা তৃণমূল শুনেনি। গত নির্বাচনেও প্রথম তিন ধাপে কিন্তু বিএনপিই বেশি সংখ্যা জিতেছিল। তাদের মধ্যে অনেকেই এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।