কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে চলমান এইচএসসি পরিক্ষায় অতিরিক্ত উত্তরপত্র চাওয়ায় আরাতুজ্জামান লতিফ ও কবিরুল ইসলাম কবির নামে দুই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের আপত্তিকর কটুক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবক পরীক্ষা শেষে অভিয্ক্তু শিক্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। আজ (সোমবার) দুপুরে চিলমারী ডিগ্রী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাযায়, চলমান এইচএসসি বাংলা পরীক্ষায় দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পর কেন্দ্রটির ১নং কক্ষের পরীক্ষার্থীরা অতিরিক্ত উত্তরপত্র চাইলে দায়িত্বরত কক্ষ পরিদ্রষ্টা আরাতুজ্জামান লতিফ ও কবিরুল ইসলাম কবির অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ না করে আপত্তিকর কটুক্তি করেন।
ওই কক্ষের কয়েকজন মেয়ে পরিক্ষার্থী অভিযোগ করে বলেন, স্যাররা তাদের অতিরিক্ত উত্তরপত্র না দিয়ে কেন বিয়ে না বসে পরীক্ষা দিতে এসেছি এ ধরণের নানান আপত্তিকর কটুক্তি করেন। এ ঘটনায় পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে অধ্যক্ষের কক্ষে বিক্ষোভ প্রদর্শন করে কান্নাকাটি করে। এ সময় কেন্দ্রটির ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব আব্দুল হাকিম ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে কেন্দ্রটির দায়িত্বরত কর্মকর্তা একাডেমীক সুপার ভাইজার আব্দুল হালিম জানান, পরীক্ষা শেষের পনের মিনিট আগে ওই কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের অতিরিক্ত উত্তরপত্র চেয়ে কাঁন্নাকাটি করে সামনে আসতে দেখে কক্ষ পরিদ্রষ্টাদের অতিরিক্ত উত্তরপত্র দেয়ার জন্য বলি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজা মুরাদ হাসান বেগ জানান, অভিযুক্ত শিক্ষদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।