৯৫ যাত্রী ও ৫ ক্রু নিয়ে কাজাখস্তানের আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে বেক এয়ারলাইনসের একটি বিমান। এর মধ্যে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানীর আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বেক এয়ারের ওই প্লেনটি। বিমানটি আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই তা ভেঙ্গে পড়ে।
এ সময় বিমানে ৯৫ জন যাত্রী ও পাইলটসহ পাঁচজন বিমান ক্রু ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের এক রিপোর্টার জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। এদিকে দুর্ঘটনা পর ওই বিমানের অনেক যাত্রী বেঁচে আছেন বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঘটনার পর আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, মর্মান্তিক এ দূর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে। ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে আছড়ে পরা বিমানের মধ্যে প্রবেশের চেষ্টা করছেন। ফ্লাইটভিউ বিমান ট্রাকারের দেয়া তথ্যানুযায়ী, বেক এয়ারের ফোকার ১০০ মডেলের একটি বিমান স্থানীয় সময় ৭ টা ৫ মিনিটে কাজাখস্থানের রাজধানী আস্তানার উদ্দেশ্যে আলমাটি ছেড়ে যাওয়ার কথা ছিলো।
ঘটনায় শোক জানিয়েছেন কাজাখস্থানের প্রেসিডেন্ট কাসিম জমরাট তোকায়েভ। তিনি নিহতদের বন্ধু ও পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। এ ঘটনার জন্য যারা দায়ি তাদেরকে আইন অনুযায়ী যথাযথ শাস্তির মুখোমুখি করা হবে।