Tuesday, August 25

একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না-ডা. দীপু মনি

0

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারিকুলাম পরিমার্জন কাজ চলমান রয়েছে। ফলে কারিকুলাম বাস্তবায়িত হলে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নোট-গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারি করা সম্ভব নয়। এজন্য মিডিয়াসহ সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রণীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এর আগে মন্ত্রী শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.