চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অনুরোধ জানান, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পণ্য পরিবহনে এক্সেল লোড নিয়ন্ত্রণ স্থায়ীভাবে বাতিলের জন্য দাবি করেছেন । গতকাল এক পত্রের মাধ্যমে তিনি এ অনুরোধ জানান।
চেম্বার সভাপতি বলেন, রমজানের পর আবারো ২ এক্সেল (৬ চাকা) বিশিষ্ট মোটরযানের মাধ্যমে মাত্র ১৩ টন ওজন নির্দিষ্ট করে দেয়ার ফলে শিল্পের কাঁচামাল, ভোগ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যয় কেজিপ্রতি ৩/৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশের অন্য কোনো মহাসড়কে ওজন নিয়ন্ত্রণ না থাকায় চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার সম্মুখীন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মাহবুবুল আলম উল্লেখ করেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮২% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়। তাছাড়া বাণিজ্য নগরী চট্টগ্রাম থেকে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও বিভিন্ন শিল্পের কাঁচামাল সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে।
বর্তমান ব্যবসাবান্ধব সরকার সারা দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে সাধারণ মানুষ এসব পদক্ষেপের সুফল পাচ্ছে না।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ মসল্লা জাতীয় দ্রব্য বিশেষ কর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লং, এলাচ, দারুচিনি, ধনিয়া ব্যাপক হারে আমদানি করে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে সারা দেশে সরবরাহ করা হবে।