লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এটি টানা ৬ষ্ঠ জয়। গত দুই ম্যাচের মতো ছন্দে ছিলেন না আক্রমণ ত্রয়ী নেইমার, এমবাপে ও কাভানি। একটি গোলও করতে পারেনি পিএসজি। তাহলে জয় আসল কীভাবে? একেই বলে ভাগ্যের খেলা! প্রতিপক্ষ লিওঁ দেওয়া দুই আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে উনাই এমেরির দল!
রবিবার রাতে পিএসজির মাঠে প্রথমার্ধের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। ডান দিক থেকে এমবাপে ও বাঁ দিক থেকে নেইমার একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন। কিন্তু সফলতা পাননি। শেষদিকে গোলপোস্ট অভিমুখে নেইমারের জোড়ালো শট ঠেকিয়ে দেন গোলকিপার আন্তনি লোপেস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষ। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সময় গড়াতে থাকে। ৫৭তম মিনিটে ২১ মিটার দূর থেকে নেওয়া নেইমারের ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেস। অবশেষে ৭৫তম মিনিটে মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রসে কাভানি পা ছুঁয়ে মার্সেলোর গায়ে লেগে জালে ঢুকে যায়।
৮৫তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় লিওঁর। ভাগ্যের সহায়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।