ইখতিয়ার উদ্দীন আজাদ: ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধীদের সঙ্গে এর সমর্থকদের টানা সংঘর্ষের পঞ্চম দিনে বৃহস্পতিবার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আসে। এদিন আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বুধবার রাত থেকে উত্তর-পূর্ব দিল্লির বেশির ভাগ এলাকায় নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
তবে গত কয়েক দিনের সহিংসতায় মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ২০০ মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। জাফরাবাদসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় হামলার আশঙ্কায় অনেক মুসলিম নাগরিককে গতকাল বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে। বিপরীতে অনেক মুসলিমকে প্রতিবেশী হিন্দুরা আশ্রয় দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে।