Friday, August 21

এতদিনে জম্মু-কাশ্মীরে রাজনৈতিক স্থিতিশীলতা আস- নরেন্দ্র মোদি

0

ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীর এখন আর রাজ্য নয়। বৃহস্পতিবার থেকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে দুই ভাগ উপত্যকা। আত্মপ্রকাশ জম্মু কাশ্মীর এবং লাদাখের।
এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এতদিনে জম্মু-কাশ্মীরে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। সেখানে কায়েমি স্বার্থে সরকার গড়া হত এবং ভেঙে দেওয়া হত। এবার সেসব বন্ধ হবে।

বৃহস্পতিবার গুজরাটের কেভাদিয়াতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। বল্লভভাই প্যাটেলের জন্মদিনটি ভারতজুড়ে ‘জাতীয় সংহতি দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
এসময় তিনি বলেন, আজ জম্মু-কাশ্মীর নতুন ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করল। যাত্রা শুরুর জন্য সর্দার প্যাটেলের জন্মদিনটি বেছে নেওয়া হয়েছে।

মোদি বলেন, ৩৭০ ধারার জন্যই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের জন্ম হয়েছে। গত তিন দশকে সেখানে ৪০ হাজার মানুষ মারা গেছে। বহু মায়ের কোল খালি হয়েছে। কাশ্মীর দেশের একমাত্র জায়গা যেখানে ৩৭০ ধারা জারি ছিল। এখন সেই দেওয়াল ভেঙে গেল।”

প্রধানমন্ত্রীর দাবি, সর্দার প্যাটেলের স্বপ্নপূরণ হবে জম্মু-কাশ্মীরে। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সরকার সারা দেশের আবেগগত, অর্থনৈতিক ও সাংবিধানিক ঐক্যের ওপরে জোর দিয়েছে। তিনি আরও বলেন, সর্দার প্যাটেলকে যদি জম্মু-কাশ্মীরের দায়িত্ব দেওয়া হত, একটা সিদ্ধান্ত নিতে এত দেরি হত না। তার কথায়, সর্দার প্যাটেল সতর্ক করে বলেছিলেন, জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে ঐক্যবদ্ধ করাই একমাত্র সমাধান। আমি সংসদের সিদ্ধান্তকে সর্দার প্যাটেলের উদ্দেশে উৎসর্গ করছি।

গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলের ভোট হয়েছে। মোদি বলেন, ৩৭০ ধারার অজুহাত দিয়ে এতদিন কাশ্মীরে ভোট করা হয়নি। সম্প্রতি ওই ভোট হয়েছে। ৯৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল হিসেবে গিরিশচন্দ্র মুর্মু, অন্যদিকে, লাদাখের উপ রাজ্যপাল হিসেবে রাধা কৃষ্ণ মাথুর এদিন শপথ গ্রহণ করবেন। সূত্র: দ্য ওয়াল

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.