বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। এফডিসির প্রযোজক-পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে চলছে এ নির্বাচন। শেষ হবে সন্ধ্যা ৬টায়।
ফিল্ম ক্লাবের নির্বাচনে এবার সভাপতি পদে আতিকুর রহমান লিটন ও অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী সদস্যপদে রশিদুল আমিন হলি, রবিন খান, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, পপি, রত্না কবিরসহ ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির। তিনি বলেন, সুষ্ঠুভাবে দুপুর থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। আশা করছি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হবে।
এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন। এবারের নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেন ওমর সানী, সাদিকা পারভীন পপি ও রত্না কবির, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ।
আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়ছেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন খাতের মানুষেরা সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করবেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন।