শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবার বই উৎসব হবে না। তবে, বছরের প্রথম দিন স্কুল থেকেই বই পাবে শিক্ষার্থীরা। প্রথম দিন সব বই দেওয়া সম্ভব না-ও হতে পারে। যে কয়টি বই বাকি থাকবে, সেগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।
’আজ রাজধানীর মাতুয়াইল এলাকার ছাপাখানা পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, ৯৫ শতাংশের বেশি বই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তারপরও স্বল্প সংখ্যক বাদ থাকতে পারে। সেটাও আমরা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিশুদের হাতে দিতে পারবো।