শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে রাজি হয়নি। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার যে তালিকা পাঠিয়েছে সেসব রোহিঙ্গার সাক্ষ্যাৎকার নেয়া অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের সাড়া না পাওয়ায় প্রত্যাবাসনের দিনক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।
এর আগে গত বছর নভেম্বর মাসে একই রকমের একটি প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যায়।
শালবাগান ক্যাম্প ইনচার্জ মো. খালেদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রত্যাবাসন শুরু হয়নি। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাসহ (ইউএনএইচসিআর) বিভিন্ন এনজিওর সমন্বয়ে এ কার্যক্রম চলবে।