Tuesday, September 1

এবার ঈদযাত্রা স্বস্তির হবে: কাদের

0

এবার ঈদযাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (২৬ মে) দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস ’শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়। তবে গাজীপুরে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে।

তিনি বলেন, ‘ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলে দিয়েছি, গাজিপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না। এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া, বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয় ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পথে একটা স্বস্তিদায়ক যাত্রা যেন নিশ্চিত করতে পারি, সে জন্য এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।’

মন্ত্রী বলেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি। ঈদের সময় বিআরটিসিতে ভাড়া বেশি আদায়ের অভিযোগ আছে। সরকারি গাড়িতে যদি এমন হয়, তাহলে বেসরকারি গাড়ির কী হবে?’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.