ব্যক্তিগত গাড়ী ও মোটর সাইকেলের পর এবার মোবাইল ফোন অ্যাপে মিলবে সাইকেল সেবা। জো-বাইক নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান প্রাথমিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলে নতুন বছরের শুরুতে চালু হবে এ সেবা। চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে বেশ জনপ্রিয় অ্যাপভিত্তিক সাইকেল সেবা। প্রচলিত রাইড শেয়ারিংয়ের সাথে এর পার্থক্য হলো, এখানে যাত্রী নিজেই চালাবেন বাহন। ব্যবহার শেষে রেখে যাবেন নির্দিষ্ট স্থানে। এরই মধ্যে চীন থেকে সাইকেল এনেছে জো-বাইক। প্রতিষ্ঠানটি বলছে, মুলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিজীবীরা হবেন এর প্রধান গ্রাহক। এ জন্য ভাড়া গুণতে হবে প্রতি পাঁচ মিনিটে ৩ টাকাৱ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এ সেবা চালু হলে সহজে চলাচল করতে পারবেন তারা। অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী পাবেন একটি কিউআর কোড।
এ কোড স্ক্যান করলেই খুলবে সাইকেলের তালা। তালা খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত ভাড়া গণনা হবে। সাইকেলের নিরাপত্তা কে দেবে এ প্রশ্নে জো-বাইকের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।