ন্যাশনাল ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে । ১১টি বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী। ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এই পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে ।
সকাল ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাড্ডা হাইস্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। এ বছর এসএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।
আগামী ২৩ মে এসএসসি এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে। আর দাখিল লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। কেন্দ্র সচিব ছাড়া আর কেউ মুঠোফোন কিংবা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।