সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ মে দিন ঠিক করেছেন আদালত।
রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক ছিল। কিন্তু এদিন দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন আদালতে দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, সাবেক মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা।
বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে তিন কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এসকে সিনহার বিরুদ্ধে।
আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন তদন্ত করছেন।