Sunday, September 13

এসিড হামলায় আহত ইউক্রেনীয় আন্দোলনকারী হানজুকের মৃত্যু

0

এসিড হামলায় আহত হওয়ার তিন মাস পর মারা গেলেন ইউক্রেইনের বিশিষ্ট দুর্নীতিবিরোধী আন্দোলনকারী কাতারিনা হানজুক (৩৩)। গতকাল রোববার রাজধানী কিয়েভের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

গত ৩১ জুলাই খেরসন শহরে হানজুকের ওপর এসিড হামলা হয়েছিল। এতে তার শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে যায় এবং একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার মৃত্যুর সুর্নিদিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘ব্লাড ক্লটের’ কথা বলা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খেরসন সিটি কাউন্সিলের সদস্য হানজুককে রাজধানী কিয়েভের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত তিন মাসে ১১ বার অস্ত্রোপচার করা হয় তার।

হানজুকের মৃত্যুর পর ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো তার হত্যাকারীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। হানজুকের ওপর হামলার সঙ্গে জড়িত পাঁচ সন্দেহভাজন ইতোমধ্যেই কারাগারে রয়েছেন।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আন্দোলনকারী সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেইনীয়দের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি জানি, আমাকে এখন খুব কুৎসিত দেখাচ্ছে। কিন্তু আমার অন্তত চিকিৎসা করা হচ্ছে। এবং অবশ্যই আমার অবস্থা বর্তমানের ইউক্রেনের অবস্থা থেকে অনেক ভালো। কারণ কেউ এর ব্যবস্থা নিচ্ছে না।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.