Wednesday, August 26

‘এ দেশের মালিক এ জনগণ’

0

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা জনগণকে মানবাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে, জনগণকে যারা ভোট দিতে দেয়নি তারা ডাকাত। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত বিশ্ব মানবাধিকার পরিস্থিতি ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, আমরা অসম্ভবকে সম্ভব করে এ দেশকে স্বাধীন করেছি। দেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। এ দেশের মালিক এ জনগণ। সেই জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে। তাদের অধিকার দিতে হবে। ভোটের অধিকার দেশের জনগণের মৌলিক অধিকার। তিনি বলেন, দেশে মানবাধিকার বিষয়ে দলিল থাকলেও বাস্তবে নেই। মানবাধিকারের জন্য নির্যাতন, অন্যায় আচরণের শিকার হচ্ছে দেশের মালিক জনগণ। মনে রাখতে হবে মানবাধিকারের ব্যাপারে কোনো দল চলে না। মানবাধিকার আমাদের অধিকার।

তিনি আক্ষেপ করে বলেন, ‘স্বাধীন দেশের মালিক জনগণ। সংবিধানে এ কথা স্পষ্ট করে লেখা আছে। অথচ দেশের জনগণ স্বাধীনতা ভোগ করতে পারছে না।’ যারা হুমকি-ধামকি দিয়ে বাক স্বাধীনতা কেড়ে নিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের সভাপতি নুরুল হুদা মিলু চৌধরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মো. মোফাজ্জল করিম, ব্যারিস্টার সারোয়ার হোসেন, অ্যাডভোকেট মাহবুব চিশতি মাসুম, তালুকদার মনিরুজ্জামান মনির, নাসিরুদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.