Thursday, September 3

ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে প্রধানমন্ত্রী

0

হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী থেকে ঢাকায় ফিরে সরাসরি হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী। বিকাল ৩টা ৩৩ মিনিটের দিকে শেখ হাসিনা বিএসএমএমউতে যান।
এ সময় সেখানে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন, প্রতিমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

এদিকে সেতুমন্ত্রীকে দেখতে আজ বিকালে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজির অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান জানিয়েছেন, সেতুমন্ত্রীর তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার একটি স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, উনার অবস্থা ওঠানামার মধ্যে আছে। দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। …যেহেতু উনি ভেন্টিলেশনে আছেন, সেহেতু উনি জীবনশঙ্কায় আছেন বলতে পারেন।

ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বিএসএমএমইউর প্রোভিসি মো. শহীদুল্লাহ সিকদার জানান, উনার অবস্থা ক্রিটিক্যাল। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। তার পরিবার ও প্রধানমন্ত্রী চাইলে তাকে বিদেশে পাঠানো যেতে পারে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ওবায়দুল কাদেরকে। উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ ও তার পরিবার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.