এমনিতেই সময়টা বাংলাদেশের মানুষের জন্য উপযুক্ত না। ভোর চারটা থেকে শুরু হয় খেলা। তার উপর যদি বৃষ্টি হানা দেয় তাহলে সেটা রাত জাগা ক্রিকেট পাগলদের জন্য দুর্ভোগেরই। হ্যামিল্টনে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৫২ রান ও ইনিংস ব্যবধানে। তবু ওয়েলিংটন টেস্টের জন্য আশা জাগিয়েছিল শেষ ইনিংসে মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের দুই শতক। আজ ভোর চারটায় মাঠে নামার কথা ছিল দুই দলের, কিন্তু টস দেয়াই হয়ে উঠেনি বৃষ্টির কারণে।
অপেক্ষা করতে করতে প্রথম দিন ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথমদিন। সকাল থেকে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
মাঠে পানি জমে যাওয়ায় আম্পায়ার ও ম্যাচ রেফারি জানান, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করবেন তারা। এরপরও খেলা শুরু করা না গেলে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। টানা বৃষ্টিতে যে পরিমাণ পানি জমেছিল তাতে বৃষ্টি বন্ধ হলেও বাকি সময়ে খেলার জন্য মাঠ উপযোগী করে তোলাটাই দুষ্কর হয়ে পড়তো।
ছাতা মাথায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ধারাভাষ্যকার মার্ক রিচার্ডসন জানালেন, অঝোর ধারায় আকাশ কাঁদছে। টানা বৃষ্টি কখন থামবে তা বলা মুশকিল। বৃষ্টি থামলেও মাঠ শুকাতে সময় লাগবে। অধিকাংশ স্থানে পানি জমে গেছে। মাঠ খেলার উপযোগী করে তুলতে গোটা দিন লেগে যেতে পারে।
ভেন্যুতে কোনো দলের ক্রিকেটারদের দেখা যায়নি। বৈরি ও প্রতিকূল আবহাওয়ার কারণেই হয়তো তারা পা বাড়াননি। অবশ্য বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটকে মাঠে দেখা গেছে।
সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর প্রথম টেস্টেও একদিন বাকি থাকতে ইনিংস ও ৫২ রানে হেরেছে টাইগাররা। এ হতাশার সঙ্গে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। দলের অভিজ্ঞ বেশ ক’জন ক্রিকেটার চোটাক্রান্ত।
তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টেস্ট। এ টেস্টে ঘুরে দাঁড়াতে চান সফরকারীরা।