কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস(তাকমিল) কে “আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ” এর অধীনে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টাসের সমমান স্বীকৃতি প্রদান করে জাতীয় সংসদে বিল পাশ করায় বান্দরবানে শোভাযাত্রা ও শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রোববার এ উপলক্ষে কাওমি উলামা ঐক্য পরিষদ বান্দরবান এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্প্রতির মঞ্চে শেষ হয়। শুকরিয়া সমাবেশ ও শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইন মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতী আবদুল হালিম বুখারী সহ চট্রগ্রামের বিভিন্ন এলাকার কওমি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং উলামারা।
এসময়,কওমি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কওমি উলমা পরিষদের নেতারা। আগামীতেও এ ধরনের সহযোগীতা অব্যহত রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন ‘আপনি আমাদের পাশে থাকলে আমরাও আপনার পাশে থাকবো’।