করোনার সন্দেহে আইসোলেশনে থাকা এক প্রবাসী নারীর (৬১) মৃত্যু হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে । শনিবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল গণমাধ্যমকে জানান, সম্প্রতি বিদেশ ফেরত ওই নারীকে করোনা আক্রান্ত সন্দেহে গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।’
তিনি বলেন, ‘প্রবাসী ওই নারী করোনা ভাইরাসে মারা গেছেন কিনা তা নিরুপণের চেষ্টা চলছে। লাশ এখনো হাসপাতালে রয়েছে। মারা গেলেও তিনি করোনার মারা গেছেন কিনা তা পরীক্ষা করে জানা যাবে। পরে তার লাশ হস্তান্তরের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
তিনি আরো জানান, ওই নারী যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, সেসব উপসর্গ করোনার সঙ্গে কো-রিলেট করে। আইইডিসিআর এর প্রসিডিউর অনুযায়ী তার দাফন হবে।
দাফন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, নিহত নারীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। নিহতের স্বজনরা চাচ্ছেন লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে। তবে এ ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও সকালে হাসপাতালে এসেছিলেন। তিনি বলেছেন সরকার চাইলে সিলেট শহরে ওই নারীর দাফনে জায়গা দেবে সিটি করপোরেশন।
জানা গেছে, গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।