করোনাভাইরাস কত তাপমাত্রায় মারা যায়, তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল আছে। আবার বিভ্রান্তিও আছে। অনেকেই এটা নিয়ে নানা প্রশ্ন করে থাকেন। অনেকে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের তথ্য দিয়ে মানুষকে আরো বেশি বিভ্রান্ত করছেন। যেমন বলা হচ্ছে, তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে করোনাভাইরাস মারা যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যদি ৩০-৩৫ ডিগ্রিতেই ভাইরাস মারা যেত, তবে তো এমনিতেই মানুষকে আক্রমণ করতে পারত না। কিন্তু তা তো হয়নি। আবার অনেকে আবহাওয়াজনিত তাপমাত্রার কথা বলেন। অনেকে বলেন গরমকাল এলে ভাইরাস থাকবে না। সেটিও ঠিক নয়। মধ্যপ্রাচ্যে বেশি তাপমাত্রার দেশেও তো এটি আছে। তাই এসব নিয়ে বিভ্রান্ত না হওয়া ভালো। এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত ও সঠিক তথ্য আছে, তা হচ্ছে তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে এ ভাইরাসটি টিকতে পারে না, মারা যায়। এ ক্ষেত্রে শুধু রান্না বা চুলার আগুনের তাপই পারে এই ভাইরাস নিঃশেষ করতে।
লেখক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা ও সাবেক পরিচালক, আইইডিসিআর