করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ৪০৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন ।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।
তবে এসব সৌদিফেরতদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে কিনা- সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজ হবে। করোনা সংক্রমণের কোনো উপসর্গ না পাওয়া গেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার শর্তে তাদের বাড়ি পাঠানো হবে।
জানা গেছে, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেয়া হয়। তারা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন।