Wednesday, August 19

করোনার ঝুঁকি এড়াতে তিন হাজার হাজতিকে মুক্তি দেওয়ার চিন্তা

0

করোনার প্রকোপ বাড়তে থাকায় সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার বিভিন্ন মামলায় বিচারাধীন প্রায় তিন হাজার হাজতিকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার কথা ভাবছে। 

কারা-অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এটা মন্ত্রণালয়েরই আদেশে। যাদের মামলা এখনও বিচারাধীন, জামিনযোগ্য অপরাধ হলে এদের জামিন দেওয়া যায় কি না। জামিনযোগ্য ছোট-খাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের সামান্য বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি।’ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হাজতিদের একটি তালিকা তৈরি করে প্রস্তাবও পাঠিয়েছে কারা-কর্তৃপক্ষ।

আবরার হোসেন বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেওয়া যায় কি না। মুক্তির বিষয়টা বিচারকদের হাতে, আমাদের হাতে নয়।’

উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারীর আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে আট লাখ মানুষ, ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

এদিকে, দেশে নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।এ ছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের দেহে কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.