করোনা সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চিকিৎসা না পেয়ে মারা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী চিকিৎসকদের অবহেলার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিকিৎসা না পেয়ে কেন মারা যাবে? যেসব ডাক্তারের বিরুদ্ধে করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। চিকিৎসকদের জন্য নানা সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে জানান, রোগী আসলে চিকিৎসা করতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। করোনায় করণীয় নিয়ে এদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় করোনাভাইরাস মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদমর্যাদা অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।