দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন হবে। ভ্যাকসিনের কোনো সংকট হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
জন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সৃজনশীল কাজের অবদানের জন্য ২০১৬ সাল থেকে প্রতি বছর ২৩ জুলাই সফল কর্মকর্তা কর্মচারী ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় জন প্রশাসন পদক। সেই থেকে এ দিনটি জাতীয় পাবলিক সার্ভিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে আয়োজনটি বাতিল করায় এবার ২০২০ ও ২০২১ এই দুই বছরের পদক একসঙ্গে তুলে দেওয়া হয়।
২০২০ সালের জন্য ১৫ টি ও ২০২১ সালের জন্য ২০ টি মিলিয়ে মোট ৩৫ টি পদক তুলে দেয়া হয় মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে।
জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১৮ ক্যারেটের এক ভরি ওজনের স্বর্ণপদক এবং সনদপত্র প্রদান করা হয়। ব্যক্তি শ্রেণিতে এক লাখ টাকা, দলগত অবদানের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং প্রাতিষ্ঠানিক শ্রেণিতে শুধু পদক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
অপরদিকে, জেলা পর্যায়ে ব্যক্তি শ্রেণিতে ৫০ হাজার টাকা ও সনদপত্র এবং দলগত শ্রেণিতে এক লাখ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।