করোনা ভাইরাস মোকাবেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে । এজন্য কেন্দ্রের পক্ষ থেকে তৃণমূলপর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সরকারিভাবেও পরিস্থিতি মোকাবেলায় জোরালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে দলটির সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ পর্যায়ে করোনা প্রতিরোধ করতে করণীয় ও পরামর্শমূলক লিফলেট তুলে দেওয়া হয়েছে। তৃণমূলপর্যায়ে শিগগিরই পৌঁছানোর চিন্তা রয়েছে দলটির।
এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগের হাতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়েছে। দলটির সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কেন্দ্রের সাথে সমন্বয় করে প্রতিদিনই রাজধানীতে লিফলেট বিতরণ করার কথা রয়েছে।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণকে সচেতন করতে রাজধানী ঢাকাসহ দেশের অলিগলিতে লিফলেট বিতরণকার্যক্রম পরিচালানা করেছেন। এ জনসচেতনতামূলক কার্যক্রমে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ অংশ নেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের জন্য জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ দেওয়ার কথা ছিলো। তবে দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। তাছাড়া এমন ধরনের বড় কর্মসূচি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে দলটি।