মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, কর্নেল (অব.) আজিম উল্যাহ বাহারের রক্ত ঝরছে। গণতন্ত্রকামী, মুক্তিকামী জনতার রক্ত ঝরছে। এই রক্ত বৃথা যাবে না। এই রক্তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। রোববার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ফটিকছড়ি বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্যাহ বাহারের নির্বাচনী প্রচারণায় হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে বিএনপি প্রার্থী আজিম উল্যাহ বাহার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, রোববার নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষ হামলা চালায়। হামলায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, পুলিশ বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার করছে। পুলিশি অভিযান বন্ধসহ সাদা পোষাকে গ্রেফতার বন্ধ করতে হবে। কর্নেল বাহার ফটিকছড়িতে আরো তিনটি সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ড্যাব নেতা খুরশিদ জামিল চৌধুরী।