Wednesday, September 2

কর্নেল তাহেরের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

0

মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর কমান্ডার ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল আবু তাহের বীরউত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। জিয়াউর রহমানের সামরিক সরকার এক মামলার বিচারে ১৯৭৬ সালের ২১ জুলাই কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। তবে ফাঁসির পর থেকেই তার পরিবারসহ বিভিন্ন মহল থেকে এ বিচারকে ‘প্রহসনের বিচার’ এবং তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

জাসদসহ বিভিন্ন দল ও সংগঠন এ মামলার বিচারের রায় বাতিল, মামলার সব দলিলপত্র প্রকাশ এবং কর্নেল তাহেরের রাষ্ট্রীয় সম্মান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল। পরে ২০১১ সালে হাইকোর্টের এক রায়ে কর্নেল তাহেরের গোপন বিচারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা এবং তাকে মরণোত্তর দেশপ্রেমিকের মর্যাদাদানের নির্দেশ দেওয়া হয়।

দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণসভা, আলোচনা সভা প্রভৃতি। এ ছাড়া প্রয়াত এ নেতার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কর্মসূচিতে রয়েছে আজ ভোর ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা।

এ ছাড়া বাংলাদেশ জাসদ বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি অনুরূপ কর্মসূচি পালন করবে।

এ ছাড়া কর্নেল তাহের সংসদের কর্মসূচিতে রয়েছে কর্নেল আবু তাহেরের কবরে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, মঞ্চনাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।
দিনটিকে বিভিন্ন দল ও সংগঠন ‘তাহের দিবস’ হিসেবে পালন করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.