কাঁদলেন সুয়ারেজ, যে বার্তা দিলেন মেসি

0

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। গত সোমবার অবসরের ঘোষণা দেন উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোল করা সুয়ারেজ। শনিবার ছিল তার বিদায়ী ম্যাচ। যদিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে তার দল প্যারাগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত হয়। ফলে সুয়ারেজের বিদায়ী ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। উরুগুয়ের এই তারকা বিদায়ী ম্যাচে ভিডিও বার্তা পাঠিয়েছেন দীর্ঘদিনের বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ লিওনেল মেসি।

২০০৭ সালে ফেব্রুয়ারি অভিষেকের পর থেকে দেশের হয়ে ১৭ বছরে ১৪৩ ম্যাচে ৬৯টি গোল করেন সুয়ারেজ। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে আজ জয় পেলে হয়তো তার বিদায়টা আরও সুন্দর হতে পারত। এদিন সপরিবারে মাঠে হাজির হন সুয়ারেজ। গ্যালারিভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে কাঁদলেন তিনি।

শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচের শুরুতে স্টেডিয়ামে যখন ‘উরুগুয়ে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ’ ঘোষণা করা হয়, তখন পুরো স্টেডিয়ামে করতালি শুরু হয়। খেলা চলাকালে তাকে উদ্দেশ্য করে গ্যালারিতে বারংবার ‘লুচো, লুচো’ স্লোগান ওঠে। সুয়ারেজকে বিদায়ী অর্ঘ্য দিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজও।

বিদায়ী বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুয়ারেজ বলেন, ‘এমন আন্তরিক অভিভাদনের জন্য সবাইকে ধন্যবাদ। উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারও চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।’

তবে সুয়ারেজের জন্য চমক হিসেবে আসে মেসির রেকর্ডকৃত একটি ভিডিও বার্তা। সেই বার্তায় তাকে বিদায়ী অভিভাদন জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। বন্ধুর জন্য পাঠানো বার্তায় আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, ‘এই বিশেষ দিনের জন্য আমি ভিডিওটি রেকর্ড করতে চেয়েছি। দিনটি তোমার, পরিবার ও উরুগুয়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ও বিশেষ। কারণ দেশটির ফুটবলের জন্য তুমি অনেককিছু দিয়েছ। আমি জানি এমন সিদ্ধান্ত (অবসর) নেওয়া কতটা কঠিন। আশা করি তুমি এই উৎসর্গ উপভোগ করবে, তবে তুমি এর চেয়েও অনেক বেশি কিছু পাওয়ার দাবিদার। নতুন প্রজন্মের জন্য তুমি দারুণ লিগেসি রেখে যাচ্ছ। আমি আশা করি এই রাতটি নিজের ভালোবাসার মানুষ ও যারা সবসময় সমর্থন দিয়ে গেছে তাদের নিয়ে উপভোগ করবে।’

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.