আবারও তাবলিগ জামাতের দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।দিল্লির মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর বিতর্কিত বক্তব্য নিয়ে শনিবার রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে মারামারির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মজলিশে সুরার বৈঠক বসে। এসময় মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সাদ বিরোধীরা বলেন, মাওলানা সাদ যদি তার বিতর্কিত বক্তব্য থেকে সরে না আসে তাহলে তাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। একথা বলার সঙ্গে সঙ্গে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি এইচ এম আজিমুল হক জানান, বিশ্ব ইজতেমার আগে থেকেই বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিরোধ চলে আসছিল তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে।
বিশ্ব ইজতেমার সময় তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সাদকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংকট আরও ঘনীভূত হয়। সাদের বক্তব্য নিয়ে দুই পক্ষ অন্তত চার বার সংঘর্ষে জড়িয়েছে।
গত বৃহস্পতিবার থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শনিবার সকালে ফের কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় সাদবিরোধীরা। এসময় সাদপন্থীদের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকে। সাদপন্থীর অনুসারী জাকারিয়া নামে একজনকে মারধর করে অপর পক্ষ।
পরে পুলিশ দুই পক্ষকেই কাকরাইল মসজিদ থেকে বের করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।