যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না বা কাজ শুরু করতে গড়িমসি করবে, তাদের ফাইনাল নোটিশ দিয়ে ওয়ার্ক অর্ডার বাতিল করার নির্দেশ দিয়েছি। দরকার হলে ব্ল্যাকলিস্ট করতে হবে। বর্ষার আগে সড়কের সব রাস্তা ইউজেবল (ব্যবহারোপযোগী) করতে হবে।
বুধবার দুপুরে সেতু মন্ত্রণালয়ের অধীনে দফতরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদানবিষয়ক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
মেট্রোরেলের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তরা থেকে আগারগাঁও ৬৮ শতাংশ আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৩৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এই প্রকল্পে চীনা নাগরিক ৫৮ রয়েছেন। এর মধ্যে ৩১ জন চীনে গেছেন আর ফিরে এসেছেন একজন।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চীনা নাগরিকদের কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৫৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে ৩৮ চীনা বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন। এর মধ্যে ২০ জন কাজ করছেন এবং ১৮ জন ছুটিতে রয়েছেন। সেখানে যারা ছুটিতে রয়েছেন, তাদের জন্য কাজে কোনো অসুবিধা হচ্ছে না।
ম্যাস র্যা পিড ট্রানজিটের কাজ ২০২১ সালে শেষ হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পে ৭২ চাইনিজ কর্মরত রয়েছেন। যার মধ্যে ছুটিতে রয়েছেন একজন। এই কাজের সেতু বিভাগের অংশ ২০ শতাংশ। নির্দেশনা দেয়া হয়েছে সেখানে যান চলাচলের জায়গা যাতে উন্মুক্ত রাখা হয়। কারণ সেটি গুরুত্বপূর্ণ সড়ক।