Thursday, July 30

কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বিরুদ্ধে স্পেনের গ্রেপ্তারি পরোয়ানা

0

কাতালোনিয়ার স্বাধীনতাকামী ও দেশান্তরিত নেতা কার্লেস পুজদেমনসহ আরো চারজনের নামে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেন। বেলজিয়ামের অফিস জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে।

এই সপ্তাহের শুরুর দিকে মি. পুজদেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে চলে যান। এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনসহ সদ্য ভেঙ্গে দেয়া আঞ্চলিক সরকারের আরো চার সাবেক মন্ত্রীর নামে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের একজন বিচারক। 

তবে, মি. পুজদেমন জানিয়েছেন, ন্যায় বিচার করা হবে এমন নিশ্চয়তা না পেলে তিনি স্পেনে ফিরবেন না।
এর আগে গতকালও কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ক্ষমতাচ্যুত আট মন্ত্রীকে আটক করে জেলে নেয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ মানুষজন।

আটককৃত সেই আটজনের একজনকে ৫০ হাজার ইউরোর বিনিময়ে জামিন দেয়া হয়েছে।
আটককৃত নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনাসহ কাতালোনিয়ার অনেকগুলো বড় শহরে বিক্ষোভে নামে সাধারণ আটককৃতদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিরা রাষ্ট্রদ্রোহ, এবং জনগণকে বিক্ষোভে অংশ নিতে উস্কানি দেওয়া এবং সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ এনেছে।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ায় স্বাধীনতার দাবীতে গত পয়লা অক্টোবর একটি গণভোট অনুষ্ঠিত হয়। যে নির্বাচনের সিংহভাগ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দেয়, যদিও ভোটারের সংখ্যা ছিল অর্ধেকেরও কম।

এর কয়েকদিন পরই স্বাধীনতার ঘোষণা করে কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ঘোষণাকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে কেন্দ্রের শাসন জারি করে।কাতালোনিয়ার জনসংখ্যা ৭৫ লাখ। সুইজারল্যান্ডের জনসংখ্যার সমান। স্পেনের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এই কাতালোনিয়ায়।
স্পেনের উত্তর-পূর্বের এই প্রদেশটির রাজধানী বার্সেলোনা। তাদের আছে নিজস্ব ভাষাও। বার্সেলোনা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় শহরগুলোর একটি, ফুটবল এবং একই সাথে পর্যটনের কারণে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.