কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর (২৫) মৃত্যু হয়েছ।
৬ এপ্রিল সোমবার সকালে তরগাঁও খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার।
প্রায় ৭ দিন ধরে ওই নারী শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথায় ভুগছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই সন্তানের জননী ওই নারী ৭ দিন আগে জ্বরে আক্রান্ত হন। গত ৩ দিন আগে থেকে তার শ্বাসকষ্ট ও গলা ব্যথা শুরু হয়। ব্যথা সহ্য না করতে পেরে তিনি চিৎকার করতেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার জানান, তিন বছর আগে থেকেই ওই নারীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেছেন তিনি। কিন্তু শেষ দিকে হাসপাতালের সাথে যোগাযোগ রাখেননি। করোনাভাইরাস সংক্রান্ত কোনো লক্ষণ ওই নারীর ছিল না। তারপরও প্রতিবেশীদের দাবীর প্রেক্ষিতে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানোর ব্যবস্থা করা হচ্ছে।
কাপসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মত ইসমত আরা বলেন, “নিহতের দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নির্দেশনা পালনে পুলিশ রয়েছে ঘটনাস্থলে। নিহতের স্বামীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। যদি ফলাফলে পজিটিভ আসে তাহলে ওই বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে।