Tuesday, August 18

কাপাসিয়ায় মেয়ের শশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

0

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর গ্রামে মেয়ের শশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৫৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকালে কাপাসিয়া- নারায়নপুর -গোসিংগা সড়কের দস্যু নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন দস্যুনারায়নপুর এলাকার সোলায়মানের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আছিয়া খাতুন সকালে তার মেয়ে ও নাতনিকে সাথে নিয়ে মেয়ের শশুরবাড়ি কাপাসিয়ার জুনিয়া গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। পরে অটো-রিকশা চড়ে যাওয়ার পথে দস্যু নারায়নপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহন করা অটো-রিকশা ধাক্কা দেয়। এ সময় অটো-রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই আছিয়া খাতুন মারা যান। তবে তার মেয়ে, নাতনি ও রিকশাচালক সুস্থ আছেন।

কাপাসিয়া থানার এসআই মেহেদী হাসান বলেন, সকাল আটটার দিকে দস্যু নারায়নপুর থেকে অটো-রিকশায় কাপাসিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো-রিকশায় ধাক্কা দেয়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আছিয়া খাতুনের মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসআই মেহেদী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.