নূর মোস্তফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে মাত্র ৭৮৯ ভোট পেয়েই নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। নির্বাচিত হওয়ায় দীর্ঘ ৩২ বছর পর নতুন কাউন্সিলর পেল চকবাজারবাসী। গত ১৮ মার্চ ওয়ার্ডের টানা ছয়বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে ওয়ার্ডটি কাউন্সিলরশূন্য ছিল।
নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী মো. আব্দুর রউফ। তাঁকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত করে চকবাজার ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নূর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, চকবাজার ওয়ার্ডে ৩২ হাজার ৪২ জন ভোটারের জন্য ১৫টি কেন্দ্রে মোট ৮৬টি বুথ বসানো হয়। ইভিএম পদ্ধতিতে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়েছেন ছয় হাজার ৯৩২ জন। অঞ্চলের মোট ভোটারের মধ্যে মাত্র ২১.৬৩ শতাংশ ভোট পড়েছে। উপনির্বাচনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু মাত্র ৪৪৪ ভোট পেয়েছেন। বাকি ২০ প্রার্থীই আওয়ামী লীগের।
চট্টগ্রামের রাজনীতিতে টিনু শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত আব্দুর রউফ।