কোটা সংস্কার আন্দোলনের সংগঠক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এপিএম সোহেলকে কারাগারে থেকে পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালত এ আদেশ দেন।
সোহেলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষায় অংশ গ্রহণ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তার আইনজীবী জাইদুর রহমান।
জাইদুর রহমান বলেন, সোহেল গত ১১ জুলাই গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছে। তার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ (সম্মান) শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচীর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। শুনানি শেষে আদালত সোহেলকে পরীক্ষায় অংশগ্রহণ করতে জেলকোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
এর আগে বিশ্ববিদ্যালয় গেটে সুহেলের ওপর হামলার ঘটনা আর গ্রেপ্তারের কারণে দুইটি কোর্সের পরীক্ষা দিতে পারেননি সোহেল।
গত ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনে ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় সুহেল কারাগারে আছেন। বৃহস্পতিবার ভোররাতে গণজাগরণ মঞ্চের নেতা লাকী আক্তারের ঢাকার বাসায় অভিযান চালিয়ে সোহেলকে তুলে নিয়ে যায় পুলিশ।