Wednesday, September 16

কারো কথা বলার অধিকার কেড়ে নেই নি: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে কারো মুখ চেপে ধরিনি, কারো কথা বলার অধিকার কেড়ে নেই নি, বাধা দেইনি। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন দেশে শুধু সরকারি একটি টিভি চ্যানেল ও একটি রেডিও ছিল। আমরা টেলিভিশন চ্যালেন, সংবাদপত্র ও রেডিও বেসরকারি খাতে ছেড়ে দিই। একটাই উদ্দেশ্য ছিল-অবাধ তথ্য প্রবাহ এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা সাংবাদিকদের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছিলেন। আমরাও সেটি বজায় রেখেছি। তিনি বলেন, স্বাধীনতা ভালো, তবে বালকের হাতে স্বাধীনতা মানায় না।

সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধুর নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বেকার সাংবাদিকদের সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি সাংবাদিকদের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন। অথচ তারাই পচাত্তরের পর বঙ্গবন্ধুর সমালোচক হয়ে উঠেছিল। তাঁরা বলা শুরু করল জাতির জনক গণমাধ্যম রাষ্ট্রীয়করণ করে স্বাধীনতা কেড়ে নিয়েছেন। অথচ তাঁদের গণমাধ্যম পরিচালনার মতো অবস্থা কিন্তু তখন ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এমপি প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.