Saturday, November 14

কাশিমপুরের বয়লার বিস্ফোরণ : উদ্ধার কাজ চলছে

0

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লি. নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস। সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন। কারখানা এলাকার সামনে ভিড় করছেন নিহতের স্বজন ও নিখোঁজ কয়েকজন শ্রমিকের স্বজনরা। কারখানা এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহানগরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নিচে চাপা পড়ে অন্তত ৯ জন শ্রমিক মারা যান। আহত হন অর্ধশত।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শী, কারখানার কর্মী ও স্থানীয় লোকজন জানায়, নিহত ব্যক্তিরা ওই কারখানার কর্মী। তাদের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই পথচারী। তাদের এ হাসপাতাল ছাড়াও আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মাল্টি ফ্যাবস কারখানার চতুর্থ তলা ভবনের নিচতলায় বয়লার বিস্ফোরণে ৯ জন নিহত হন, আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনায় দ্বিতীয় দিন সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  
কারখানা এলাকার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া এ ঘটনায় আশপাশের মন্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, কারখানা ফটকের সামনে নিহত শ্রমিকদের স্বজনরা ভিড় করেছেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে এমন দাবি করে কারখানা ফটকে অবস্থান করছেন তাদের পরিবার পরিজনরা।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৮ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যর আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.