Monday, August 24

কাশ্মীরে কত দিন নিষেধাজ্ঞা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট

0

জম্মু-কাশ্মীরে আর কত দিন নিষেধাজ্ঞা জারি থাকবে তা জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও জম্মু-কাশ্মীর সরকারের কাছে এ ব্যাপারে জবাব চেয়েছে আদালত।
বৃহষ্পতিবার শুনানীর সময় বিচারপতিরা বলেছেন, জাতীয় স্বার্থে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা নিয়মিত ভাবে পুনর্বিবেচনা প্রয়োজন। পাশাপাশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের বিরুদ্ধে দায়ের হওয়া আর্জিগুলির শুনানি সাংবিধানিক বেঞ্চে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

কাশ্মীরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলায় আগের শুনানিতে ক্ষুব্ধ বিচারপতিরা মন্তব্য করেছিলেন, কাশ্মীর নিয়ে যা বোঝাবেন তা-ই বুঝব এমন ভাববেন না। এরপরে নিষেধাজ্ঞা সংক্রান্ত সরকারি নির্দেশের ফাইলও দেখতে চেয়েছিলেন বিচারপতিরা। এ দিনও সরকারের কাছ থেকে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ‘স্পষ্ট’ জবাব চেয়েছেন বিচারপতি এন ভি রামানার বেঞ্চ। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র ও রাজ্যের আইনজীবীরা জানিয়েছেন, ৮-১০টি থানা এলাকা ছা]ড়া কাশ্মীরের সব জায়গা থেকে যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উপত্যকার প্রায় ৯৯% এলাকায় এখন এই ধরনের কোনও নিষেধাজ্ঞা নেই। চালু হয়েছে ল্যান্ডলাইন ও পোস্টপেড মোবাইল। নিষেধাজ্ঞা নিয়মিত পুনর্বিবেচনা করা হয় বলেও জানান সরকারি আইনজীবীরা। তবে আবেদনকারীদের কৌঁসুলি বৃন্দা গ্রোভার সরকারের বক্তব্যের বিরোধিতা করেন।
তিনি বলেছেন, উপত্যকায় এখনও ইন্টারনেট চালু হয়নি। ৫ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে। অন্য দিকে, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে হবে বলে এ দিন জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.