কাশ্মীর পরিদর্শনে যাচ্ছে বাংলাদেশসহ ১৭ দেশের প্রতিনিধি দল

0

বিশেষ মর্যাদা প্রত্যাহারের ছয় মাস পর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে জম্মু-কাশ্মীর যাচ্ছে বাংলাদেশসহ ১৭ দেশের প্রতিনিধি দল। দুইদিনের এই সফর ৯ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, দুইদিনব্যাপী এই সফরে অংশ নেয়া দেশগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, গায়ানা, ব্রাজিল, নাইজেরিয়া, নাইজার, আর্জেন্টিনা, ফিলিপাইন, নরওয়ে, মরক্কো, মালদ্বীপ, ফিজি, টোগো এবং পেরু। এদিকে এই সফরে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কোন রকম সরকারি গাইড ছাড়াই কাশ্মীর ভ্রমণ করতে চাইছে। দুইদিনের সফরে ১৭ দেশের প্রতিনিধি দল প্রথমে শ্রীনগরে যাবে সেখানে তারা ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর জিসি মুর্মু ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।

এনডিটিভিকে এক সরকারি কর্মকর্তা জানায়, শ্রীনগরে প্রতিনিধিদেরকে বাদামিবাগে নিয়ে যাওয়া হবে । সেখানে তাদেরকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত করা হবে। এছাড়া তারা কাশ্মীরের সুশীল সমাজ এবং সাংবাদিকদের সঙ্গেও বৈঠক করবেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা তুলে নেয়ার পর থেকে কাশ্মীরের প্রধান রাজনীতিবিদদের আটক করে রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। গত ছয়মাস ধরে কাশ্মীরে এই পরিস্থিতি থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর আগে গত ২৯ আগস্ট কাশ্মীর পরিদর্শনে গিয়েছিলো ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.