Friday, September 4

কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আপিলেও বহাল

0

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আজ রোববার (৭ এপ্রিল) রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
এর আগে গত ৩১ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয়া হয়। চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এই আদেশ দেন।
গত ১৯ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্টপক্ষ। গত ৬ মার্চ হাইকোর্ট রুল দিয়ে খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এতে আটজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান ও ২৭ জন আহত হন। ঘটনার পরদিন ৫৬ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.