কুমিল্লার লালমাই উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কেশনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরুড়া উপজেলার নশরথপুর গ্রামের আলী হোসেন (৬০), চেঙ্গারহাট গ্রামের আবুল বাশার (৩৭), চৌদ্দগ্রাম উপজেলার ছোটচলুণ্ডা গ্রামের হাসিনা বেগম (২৫) ও লালমাই উপজেলার কাপাশতলা গ্রামের নুরজাহান বেগম (৪৭)।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লার বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে লালমাই উপজেলার কুমিল্লা-চাদঁপুর সড়কের কেশনপাড়া এলাকায় বরুড়াগামী দোয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে দুই নারীসহ চারজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, ‘খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ করি। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ’