Tuesday, September 1

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা এলাকায় এবং লাকসাম উপজেলার কাপাসতলা এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট থেকে একটি পিকআপ ভ্যান খিরণশাল বাজারের দিকে যাওয়ার পথে ডেকরা নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনসহ দুইজন নিহত হন। নিহতরা হচ্ছেন- চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের আফতাব উদ্দিন মাষ্টারের ছেলে সিরাজ মিয়া (৮০) এবং মৃত আবদুর রহমানের ছেলে আইয়ূব আলী (৪০)।

চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এদিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের লাকসাম উপজেলার কাপাসতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাজী মিজানুর রহমান (৫২) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

নিহতের ছোট ভাই কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান জানান, চলমান একটি প্রকল্পের কাজ দেখতে জেলার লাকসাম উপজেলার বিজড়া এলাকায় মোটর সাইকেলযোগে যাচ্ছিল মিজানুর রহমান। দুপুরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কাপাসতলা এলাকায় পৌছলে তেলবাহী একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহতের বাড়ি নগরীর মধ্যম আশরাফপুর এলাকায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.